সর্বশেষ খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

মোহাম্মদ জসিম উদ্দিনঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির চারটি ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ বালুমহাল পরিচালনার সাথে জড়িত বিএনপি নেতাদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়া উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি ভেঙে দিতে ২৪ ঘন্টা সময় বেঁধে  দেন।

শনিবার ( ২৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। প্রথমে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আন্দোলনকারীদের অবরোধের মুখে মহাসড়কে প্রায় চল্লিশ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে বিকাল পাঁচটার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কর্মসূচি সফল করতে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতা কর্মী জমায়েত হয় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায়। 

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

তার বক্তব্য গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার বলেন, ‘ গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা খেয়ে তারা অযোগ্য ও আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি দিয়েছেন। পাশাপাশি একজন সিনিয়র নেতা বালুমহালের নামে অবৈধভাবে মানুষের জমি কেটে বিএনপির মান সম্মান নষ্ট করছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানছেন না তিনি। আমরা উপজেলার সকল বিএনপি নেতাকর্মী একজোট হয়ে এই তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করছি’।

তার বক্তব্যে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, ‘ দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে তাদের কাউকেই কমিটিতে মূল্যায়ন করা হয় নাই। একটা সময় যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতো, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতো তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। বিতর্কিত এই কমিটির ঘোষণা নেপথ্যের কারিগর সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, আব্দুর রহমান শফিক ও মুজিবুর রহমান। এই তিনজনকে সাবধান করে দিয়ে বলছি দ্রুত কমিটি ভেঙে দিয়ে সাংগঠনিকভাবে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন’।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, ‘ কমিটি কিভাবে ঘোষণা করতে হয় তা আমরা জানি। সাংগঠনিক কোন নিয়ম না মেনে রাতের আঁধারে কারো বাড়ি থেকে ঘোষণা করা কমিটি আমরা মেনে নিব না। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সেই টাকার ভাগ পেতে যে কমিটি তা আমরা মেনে নিব না। এ কমিটি ঘোষণার নেপথ্যে যারা রয়েছেন সেই তিন নেতাকে বলছি ২৪ ঘন্টার ভিতরে ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি ভেঙে না দিলে আমরা আপনাদের প্রতিহত করবো। গজারিয়ার সকল বিএনপি নেতৃবৃন্দ একজোট হয়ে আপনাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করবে’।

বিষয়টা সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি, এখন যান চলাচল স্বাভাবিক কোন ঝামেলা নেই।’

উল্লেখ্য,বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গজারিয়া উপজেলা বিএনপির অন্তর্গত বাউশিয়া,গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয়েছে। গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন। এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর