সর্বশেষ খবর

গজারিয়ায় তালাবদ্ধ ঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (পশ্চিমকান্দি) গ্রামে একটি ভাড়া বাসার তালা ভেঙে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া নিশ্চিন্তপুর এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় আনোয়ার সিমেন্ট শিট কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ি ঠাকুরগাঁও জেলায় হলেও গত প্রায় সাত বছর যাবত সে গজারিয়া উপজেলার চর বাউশিয়া (পশ্চিমকান্দি) গ্রামের মৃত চান মিয়ার ছেলে আরিফের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। একতলা বাড়িটিতে দুটি ফ্ল্যাট ছিলো এক পাশের ফ্ল্যাটে বাড়ি মালিক আরিফ অন্যপাশে ভাড়াটিয়া আব্দুল মালেক পরিবার নিয়ে থাকতেন। গত ঈদুল ফিতরের ছুটিতে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও গেলেও তারা এখনও ফিরে আসেননি। আব্দুল মালেক বর্তমানে একাই ওই ফ্ল্যাটে থাকতেন।

বাড়ির মালিক আরিফ জানান, শুক্রবার তিনি সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে ফিরে এসে দেখেন কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি তার সন্দেহ হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি অবগত করেন এবং এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষে আব্দুল মালেককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়ার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ফিরোজ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করেন। ওই সময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর