নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের সিরাজদীখানে এক বাড়িতে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে। ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক ডাকাত।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলো। ডাকাতরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ইমরান বেপারী (২৪) নামের এক ডাকাতকে ধরে ফেলে স্থানীয়রা। তবে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক হওয়া ইমরান বেপারী বরগুনা সদর উপজেলার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম। তিনি বলেন,এলাকাবাসীর সহায়তায় একজন ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

