মুন্সীগঞ্জের সিরাজদিখানের উপজেলার খাসমহল উচ্চ বিদ্যালয়ের গাছ লুট হয়ে গেছে! তিনটি মেহগনি এবং কয়েকটি কাঠাল গাছ কেটে নেয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই বিদ্যালয়টির পরিচালনা পরিষদ সদস্য মো. সোহরাব হোসেন সোমবার গাছগুলো কেটে নেয়। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে।
প্রায় ১০ বছর আগে স্কুলের অর্থায়নে গাছ রোপন করা হয়। এই অভিভাবক সদস্য প্রকাশ্যে গাছ কাটা শুরু করেন। তার দাপটে বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্য কোন সদস্যরা কথা বলার সাহস পাননি।
অভিযুক্ত সোহরাব হোসেন বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে আলাপ করেই গাছ কাটা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন জানান, গাছ কাটার ঘটনা আমি শুনেছি। তবে গাছগুলো মরে গিয়েছিল। তবে সেটা যাই হউক, বিদ্যালয় পরিচালনা পরিষদে সভা করে গাছ কাটার অনুমোদন না নিয়ে গাছ কাটা ওনার ঠিক হয়নি। তাছাড়া গাছ বিক্রির কোন অর্থও বিদ্যালয় পরিচালনা পরিষদের কাছে জমা করা হয়নি।
সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা পারভীন বুধবার জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

