এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামী খেলোয়াড় বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতেই থাকছেন। তার প্রকৃত মূল্য সাড়ে বারো কোটি রুপি হলেও তিনি সব মিলিয়ে পাবেন ১৫ কোটি রুপি।
অন্যান্যবার সবার চেয়ে বেশি টাকা কামালেও এবার পিছিয়ে পড়েছেন এমএস ধোনি। ভারতের সীমিত ওভারের অধিনায়ককে দলে নিয়েছে নতুন ফ্রাঞ্চাইজি পুনে। প্রকৃত মূল্য সাড়ে বারো কোটি রুপিই তার বেতন। নিষিদ্ধ হওয়া চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের খেলোয়াড়দের ড্রাফট থেকে ধোনিকে কিনেছিল পুনে।
রয়্যাল চ্যালেঞ্জার্সে আছেন ক্রিস গেইলও। তিনিও প্রকৃত মূল্যের চেয়ে বেশি টাকা পাবেন। তার মূল্য সাড়ে সাত কোটি রুপি। কিন্তু সব মিলিয়ে পাবেন ৮ কোটি ৪০ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হরভজন সিং, লাসিথ মালিঙ্গা ও আম্বাতি রাউডুও প্রকৃত মূল্যের চেয়ে বেশি আয় করবেন।
কোনো কোনো খেলোয়াড় আছেন যারা প্রকৃত মূল্যের চেয়ে বেশি টাকা পাবেন। আবার উল্টোটাও আছে। আনুষ্ঠানিক মূল্যের চেয়ে মূল বেতন কম হবে কারো কারো। কিংস ইলেভেন পাঞ্জাব যেমন মনন বোহরাকে ধরে রেখেছে। তিনি তার আনুষ্ঠানিক মূল্যের ১০ শতাংশের চেয়ে কম পাবেন! ৪ কোটি রুপি তার প্রকৃত মূল্য। পাবেন মাত্র ৩৫ লাখ। রোহিত শর্মা, গৌতম গাম্ভির ও ডেভিড মিলাররাও প্রকৃত মূল্যের চেয়ে কম টাকা পাবেন।

