নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষে ভবেরচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, সদস্য মাহবুল আলম খান, আব্দুল সাত্তার ঢালী, আব্দুল গাফফার প্রমুখ।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম পিন্টু বলেন, “বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের কী অবদান তা আপনারা সবাই জানেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যক্তি হত্যার উদ্দেশ্যে আক্রমণ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের অবস্থা বর্তমানে খুবই সংকটাপূর্ণ; তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যা যা করা দরকার আমরা তাই করব। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটি বার্তা দিলাম; এতে কাজ না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সংবাদ সম্মেলনে মাহবুল আলম খান বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ইতিমধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “এ ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
প্রসঙ্গতঃ গত ৩১ মার্চ দুপুরে পূর্ব শত্রুতার জেরে বালুয়াকান্দি এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নইমুলকে (৭৬) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী। অভিযোগ রয়েছে এই হামলায় নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা তুহিন। হামলায় মুক্তিযোদ্ধার একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
