নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মীর বাছির উদ্দিন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যু কালে বাছির উদ্দিন স্ত্রী, দেড় বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহর জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে বেলা ১২ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এরপর বাদ জোহর জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া নিজ গ্রামের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

