সপ্তম বেতন স্কেলের মতো অন্যান্য সুযোগ সুবিধাসহ অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গ্রেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করছেন দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপবি) শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন তাঁরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে একই সঙ্গে আজ দেশের ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান।
এতে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন, ডিন প্রফেসর ড. মামুনুর রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, প্রফেসর ড. বলরাম রায় প্রমুখ।
বক্তারা বলেন আগামী ১০ জানুয়ারির মধ্যে দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতির কর্মসূচি শুরু করবেন তাঁরা।

