নেলসনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে। আর তাতে শ্রীলঙ্কার ৫ ম্যাচের এই সিরিজ জেতার সুযোগ শেষ হয়ে গেলো। সিরিজ কেবল জিততে পারে নিউজিল্যান্ড। ২-১ এ এগিয়ে তারা। শ্রীলঙ্কা ড্র করতে পারে সিরিজ। শেষ ম্যাচটি হবে ৫ জানুয়ারি।
বৃষ্টির কারণে অনেক সময় নষ্ট হয়েছিল। তারপরও খেলা শুরু হয়েছিল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রত্যেক দলের জন্য ২৪ ওভার নির্ধারিত হয়। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন ম্যাককালাম সেরে ওঠেননি। তাই এই ম্যাচে ছিলেন না।
ওয়ানডে ম্যাচটা প্রায় টি-টোয়েন্টি ফরম্যাটে চলে এসেছিল! ২০ ওভারের ম্যাচের মতোই ব্যাট করতে শুরু করে কিউইরা। কিন্তু ৯ ওভার পর বৃষ্টির কারণে খেলা আবার বন্ধ করতে হয়। আর মাঠে নামা যায়নি এর পর। এই সময়ে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল ১৪ বলে ২৭ রান করেছিলেন। রস টেলর ১৪ বলে ২০ রান করেছিলেন।

