৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা নিউ ফুট ভিলেজ এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়—এটি আমাদের নৈতিক দায়িত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে সচেতন করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাবলী আক্তার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে জবাইকৃত ১৩টি ও একটি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা নজরদারি শুরু করেন।

স্থানীয় এক যুবকের কাছ থেকে খবর পেয়ে গ্রামবাসী ঘরটিতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ও আশপাশে জবাই করা ঘোড়ার দেহ পড়ে থাকতে দেখা যায়। জবাইকৃত ঘোড়াগুলোর মধ্যে একটি গর্ভবতী ছিল; পাশেই নাড়ির সঙ্গে বাচ্চাটি পড়ে থাকতে দেখা যায়। ঘরের চারপাশে খোঁড়া বড় বড় গর্তে আগে জবাই করা ঘোড়ার হাড় পুঁতে রাখার আলামত পাওয়া গেছে। ঘরে মাদক সেবনের সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস বলে ঘোড়ার মাংস সরবরাহ করে আসছে একটি চক্র। বিষয়টি গোপনীয়তার সঙ্গে পরিচালনা করতে চক্রটি ঘোড়া জবাই করে মাংস কাটার জন্য রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬-৭ মাস আগে আস্তানা গড়ে তোলে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাই দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর