নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ড. আসাদুজ্জামান রিপন বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। হঠাৎ করে কেউ এসে ক্ষমতায় যেতে চাওয়া, তা বাইন্নার মতো আচরণ ছাড়া কিছু নয়।” তিনি আরও বলেন, “মুন্সিগঞ্জে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু আমাদের জন্য কতটুকু কাজ হয়েছে তা ভাববার বিষয়। স্কুল, কলেজ, রাস্তা—এগুলো বরাদ্দ হয় উপজেলা অফিস থেকেই, এগুলো কোনো উন্নয়ন না। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আল্লাহ যদি চান আমি নির্বাচিত হই, তবে মাওয়ার শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক পোর্ট নির্মাণসহ পদ্মা নদীর নদী শাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নয়নের যে বাজেট অন্যরা আনতে পারেনি, তা আমরা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা নির্বাচনের তারিখ এখনো নির্দিষ্ট করে বলেননি, তবে আমরা চাই একটি সুনির্দিষ্ট তারিখ দেওয়া হোক, যেন দেশের মানুষ প্রস্তুতি নিতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ জেলা যুবদল। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতীয় জীবনের প্রেরণার উৎস। তার জীবন ও আদর্শ আমাদের রাজনীতির চালিকাশক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ বিপ্লব। তিনি তার বক্তব্যে বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। আজকে তার আদর্শেই আমাদের রাজপথে আন্দোলন চলছে, চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উদ্দীপ্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

