সর্বশেষ খবর

শাওনের ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

আর কদিন পরই বাংলাদেশে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোমতোই সেরে নিচ্ছেন বাংলাদেশের যুবারা। সোমবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১১৪ রানেই গুটিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সফরকারীদের ইনিংস গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখেন বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন, ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার তিনিই।।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মিরাজ টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজকে। ইনিংসের ষষ্ঠ ওভারেই স্বাগতিকদের সফলতা এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনার তেভিন ইমলাচকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ফেনির এই পেসার।

দ্বিতীয় উইকেটে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন গিন্ড্রন পোপ ও শিমরন হেটমায়ের। তবে হেটমায়েরকে (১৬) এলবিডব্লিউ করে ২২ রানের জুটি ভাঙেন স্পিনার সঞ্জিত সাহা। স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতে পোপকেও (৩১) বিদায় করেন সঞ্জিত।

এরপর দলীয় ৮০ রানে হ্যামার স্প্রিংগারকে রান আউটে বিদায় করেন ওই সঞ্জিতই। দলীয় ১০০ রানে গুডলিকে বোল্ড করেন সাঈদ সরকার। এরপর দলীয় ১১১ থেকে ১১৪, মাত্র ৩ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বাকি ৫ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। সফরকারীদের ইনিংস স্থায়ী হয় ৩৯.২ ওভার।

শেষ পাঁচ উইকেটের চারটিই যায় সালেহ আহেমদ শাওনের দখলে। প্রথমে স্টেওয়ার্ট ও কেমো পলকে এলবিডব্লিউ করেন এই বাঁহাতি স্পিনার। মাঝে মাইকেল ফ্রেকে এলবিডব্লিউ করেন সাঈদ সরকার। এরপর একই ওভারে পর পর দুই বলে আলজারি জোসেপ ও ওবেড ম্যাকয়কে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ইতি টেনে দেন শাওন।

২৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন শাওন, যা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা বোলিং। এর আগেও ৪ উইকেট নিয়েছেন শাওন, তবে সেটা ৩০ রানের বিনিময়ে। সাঈদ ৯ রানে ২টি ও সঞ্জিত ১৪ রানে নেন ২ উইকেট। আর সাইফউদ্দিন ১৬ রানে নেন ১ উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর