সর্বশেষ খবর

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপেও আসছে না অস্ট্রেলিয়া

আবারও সেই পুরনো কারণটাই সামনে নিয়ে আসলো অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর সেটা হলো ‘নিরাপত্তা’, এই অজুহাতে বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে টেস্ট খেলতে অস্বীকৃতি জানায় দলটি।

আর এবার তারা বয়কট করল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সিএ-র মুখপাত্র ক্রিকেট.কম.এইউ এই খবর জানিয়েছে। অথচ ছোটদের এই বিশ্বকাপকে সামনে রেখে রীতিমত রাষ্ট্রপতি সমমর্যাদার নিরাপত্তা দেয়ার পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিএ-র নিরাপত্তা বিষয়ক প্রধান শন ক্যারল গত সপ্তাহে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর মেলবোর্ন ফিরে গিয়ে এই ব্যাপারে তিনি সিএ-র কাছে রিপোর্ট দাখিল করেন।
আর সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আর এটাও জানা গেছে যে, সিএ-র এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে খোদ অস্ট্রেলিয়ান সরকার। সিএ-এর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এই ব্যাপারে বলেন, ‘আমরা সব কিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভাবি। কয়েকদিন ধরে আমরা আইসিসির নিরাপত্তা বিষয়ক পরামর্শক ও বাংলাদেশের নিরাপত্তা বিভাগের সাথে আলাপ করছি। আমাদের সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকরা ঝুঁকির মুখে আছে। তাই সব বুঝে-শুনেই আমাদের এ রকম কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির কাছে বিশেষভাবে ক্ষমাপ্রার্থী।’

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ডি গ্রুপে আগামী ২৭ জানুয়ারি লড়াই শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। চট্টগ্রামে ভারত, নেপাল ও নিউজিল্যান্ডের মোকাবেলা করার কথা তাদের। তবে এখন এর কিছুই আর হচ্ছে না।

যদিও এর আগে দুবাইয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঠিকই থাকছে অস্ট্রেলিয়ার যুব ক্রিকেট দল। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিকল্পও খুঁজে বের করে ফেলেছে আইসিসি। তাদের জায়গায় খেলতে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর