নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত নামা (৫০) এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (৩০ মে) ভোর সাড়ে পাচঁটার দিকে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে গজারিয়ার পুরান বাউশিয়া এলাকার ঢাকাগামী লেনে ওপর থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের ওপর নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পথচারী আলী আজম জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। তার ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
ভবেরচর হাইওয়ে ইনচার্জ (ওসি) কামাল আখন্দ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। পরে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি চলাচল করে, ফলে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী গাড়ি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

