ভ্যালেন্টাইন ডে-তে ভালোবাসা সেলিব্রেট করতে যেয়ে অনেক আনন্দঘণ ঘটনার পাশাপাশি আছে অঘটনও। আর এই অঘটনটি ঘটেছে দিল্লিতে। ফেসবুকের বান্ধবীর সঙ্গে ভালোবাসার দিনটিকে বিশেষভাবে সেলিব্রেট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। খবর এবিপিআনন্দর।
ভ্যালেন্টাইন ডে-তে দিল্লির গুরগাঁও-এর অভিজাত সুশান্তলক এলাকায় গিয়েছিলেন দিল্লিরই বাসিন্দা ২৭ বছরের যুবক ঈশ্বর। সেখানে গিয়েই ট্রাজিক পরিণতি হয় তার। তাকে মারধর করে একটি বহুতলের ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটির জামাইবাবু ও তার গাড়ির ড্রাইভার। গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার।
পুলিশকে ঈশ্বরের ফেসবুকের বান্ধবীর বয়ান অনুযায়ী, গত সাত মাস ধরে তাদের এই সোশ্যাল মিডিয়ায় আলাপ। তা ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছায়। ভ্যালেন্টাইন’স ডে বিশেষভাবে কাটাতে গুরগাঁও-এ দেখা করার সিদ্ধান্ত নেয় তারা। হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে তাদের দেখা হয়। সেখান থেকেই মেয়েটি তাকে সুশান্ত লক এলাকার একটি বহুতলে নিয়ে যায়। তাদের দেখে ফেলে মেয়েটির জামাইবাবু রমেশ ও তার ড্রাইভার। সেখানেই তাকে সাংঘাতিক মারধর করে ব্যালকনি থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু তখনই মৃত্যু হয়নি ঈশ্বরের। এরপর শহর থেকে খানিকটা দূরে রাস্তায় গাড়ি করে তাকে ফেলে রেখে আসে অভিযুক্তরা। যাতে মনে হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। এরপরই পালিয়ে যায় তারা।
রমেশ ও তার ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
