জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কার্যক্রম স্থগিত করেছে আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের এনএক্স ভবনের ১৪ নং কোর্টে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এ কোম্পানির আইপিও কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং মো: খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
এ প্রসংঙ্গে বাদী পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম জানান, এ কোম্পানিটি বিপুল পরিমাণ ঋণে জর্জরিত। পাবলিকের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন না। তার উপর অতিরিক্ত প্রিমিয়াম নিচ্ছে।তাই বিনিয়োগকারীদের স্বার্থে ্ও পুঁজিবাজারের উন্নয়নে ডোরিন পাওয়ারের এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে আইপিও কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
এর আগে গত ৩০ নভেম্বর আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ মোট ২৯ টাকায় শেয়ার ইস্যু করার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এ কোম্পানির আইপিও কার্যক্রম স্থগিত করতে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট করেন বিনিয়োগরীরা।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বিনিয়োগকারী মো: রফিকুল ইসলাম (বিও অ্যাকাউন্ট নং : ১২০৩০৪০০২৩৫৪৯২১২), এসকে এনামুল কবির (বিও অ্যাকাউন্ট নং : ১৬০৫৪২০০৪৭০৮৭৯৫১) এবং ফেরদোসি আফরোজ (বিও অ্যাকাউন্ট নং : ১২০২৮৮০০০৬৪১৯৬১৭) পক্ষ থেকে ডোরিন পাওয়ারের আইপিও স্থগিত করতে উকিল নোটিশ পাঠায়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড.এম খায়রুল হোসেন, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান, কোম্পানির চেয়ারম্যান পারভিন আলম, ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিক, ডিরেক্টর ডেভলপমেন্ট মোস্তফা মঈন, এলায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও নাসরিন সুলতানা বরাবর উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশে এ কোম্পানির অতিরিক্ত প্রিমিয়াম বর্জন করে প্রিমিয়াম ছাড়া আইপিওর অনুমোদনের অনুরোধ জানানো হয়।

