সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেছেন, আপিল বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্ট বার আয়োজিত বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, ‘হাইকোর্ট বিভাগের ৩০ জন বিচারকের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দুজন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। কোন বিবেচনায় এই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে, তা আমাদের বোধগম্য নয়।’
তিনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানান।
খন্দকার মাহবুব সরকারকে সর্তক করে দিয়ে বলেন, বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের পূর্বে আপিল ও হাইকোর্ট বিভাগে কোনো বিচারক নিয়োগ করা হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারপতি মানিক বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন পরিচালনা করেন।
প্রসঙ্গত, রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার, মো. নিজামুল হক নাসিম ও মোহাম্মদ বজলুর রহমানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
