বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পুন:নিয়োগের কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাজারে গুজব উঠেছে উনার মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হচ্ছে। যার প্রভাবে বুধবার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়। জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ১০তম গভর্নর হিসেবে ২০০৯ সালের ১ মে থেকে ৪ বছরের জন্য দায়িত্ব নেন ড. আতিউর রহমান। ৪ বছরের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তীতে আরো তিন বছর তিন মাস তার মেয়াদ বাড়িয়ে ২ আগষ্ট ২০১৬ইং তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়। এদিনে তার বয়স হবে ৬৫। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এরপর উনি আর পুন:নিয়োগ হতে পারবেন না।
এদিকে বুধবার পুঁজিবাজারে গুজব ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭.৭৬ পয়েন্ট সূচকের পতন হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেহেতু এটা সাংবিধানিক পদ। আর উনার ৬৫ বছর পর্যন্ত উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই সংবিধান অনুসারে উনার পুন:নিয়োগের কোনো সম্ভাবনা নেই।

