পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
বিএমবিএর নবনির্বাচিত কমিটির সভাপতি ছায়েদুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে বৈঠক করলে এমন আশা ব্যক্ত করেন তিনি। বৈঠকে বাজারের উন্নয়নে উভয়পক্ষ যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ অর্থসূচককে জানান, দেশের পুঁজিবাজারে উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
পুঁজিবাজারের বিভিন্ন ক্ষেত্রের উল্লেখ করে এফবিসিসিআইয়ের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরার জন্য বিএমবিএর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান জানান, বাজার পরিস্থিতি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে এফবিসিসিআই কাজ করতে পারবে- এমন কিছু বিষয় নির্দিষ্ট করে খুব শিগগির এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে আবারও বৈঠকে বসব আমরা।
আগামী দিনে পুঁজিবাজারে সুবাতাস আসতে পারে বলে মনে করছেন ছায়েদুর রহমান।
এর আগে গত ২৭ জানুয়ারি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার-উজ-জামানের সঙ্গে বৈঠক করে বিএমবিএর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে বিএমবিএ সঙ্গে যৌথভাবে কাজ করার আশা ব্যক্ত করে আইসিবি।

