সর্বশেষ খবর

ফিরে গেলেন জয়রাজও

যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। উইকেটে থিতু হয়ে পিনাক ঘোষের পর জয়রাজ শেখও সাজঘরে ফিরে গেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। নাজমুল হোসেন শান্ত ৭ ও মেহেদী হাসান মিরাজ শুন্য রান নিয়ে ব্যাট করছেন। ফিরে গেছেন জয়রাজ শেখ (৪৬), পিনাক ঘোষ (৪৩), সাইফ হাসান (৬)।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে দলকে সতর্ক শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও পিনাক ঘোষ। দুজন মিলে ৯ ওভারে স্কোরবোর্ডে ২৩ রান জমা করেন।

তবে দশম ওভারে প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের অফ সাইডের বাইরের একটি শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে কাইল ভেরেনেকে ক্যাচ দেন সাইফ (৬)। ফলে ভেঙে যায় ৩০ রানের উদ্বোধনী জুটি।

সাইফের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে জয়রাজ শেখের সঙ্গে ভালো একটি জুটি গড়ে তোলেন পিনাক। কিন্তু দলীয় ৭৪ রানে পিনাক রান আউটে কাটা পড়লে ভেঙে যায় ৪৪ রানের এ জুটি। ৫১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন পিনাক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ১৪বারের দেখায় ১২টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে শেষ এক বছরে বেশ দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। কিন্তু যুব বিশ্বকাপের পরিসংখ্যান ভিন্ন।

বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবকটিতেই হেরেছে বাংলাদেশ। অবশ্য অতীত পরিসংখ্যানের সঙ্গে জুনিয়র টাইগারদের বর্তমান পারফরম্যান্সের মিল নেই। বর্তমান দলের সবাই পরীক্ষিত ক্রিকেটার।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম ও সালেহ আহমেদ শাওন।

দক্ষিণ আফ্রিকা দল:
টনি ডি জর্জি (অধিনায়ক), লিয়াম স্মিথ, কাইল ভেরেনে, উইয়ান মুল্ডার, রিভালদো মুনস্যামি, ডায়ান গালিয়েম, ফারহান সায়ানভালা, উইলিয়েম লুডিক, লুক ফিল্যান্ডার, শেন হোয়াইটহেড ও লুথো সিপামলা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর