৩ ওভারে ৩০, ৪ ওভারে ৪৩। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-২০তে ওয়াহাব রিয়াজের বোলিং বিশ্লেষণ এটি। মোট ৭ ওভারে ৭৩ রান খরচায় পাকিস্তানি বোলার নিয়েছেন মাত্র দুই উইকেট। দীর্ঘ ৫ বছর নির্বাসন কাটিয়ে ফেরা মোহাম্মদ আমিরও হেঁটেছেন রিয়াজের পথেই। শেষ দুই ম্যাচে মোট ৭ (৩+৪) ওভারে ৬৯ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। শেষ ও তৃতীয় টি-২০তে ৩ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি আরেক পেসার আনোয়ার আলীও।
নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানি বোলারদের এমন করুণ অবস্থা চোখে লেগেছে দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আগে স্বদেশী বোলারদের নিয়ে ভীষণ চিন্তিত তিনি।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘আমাদের বোলাররা বোধহয় সুইংটা ভুলে গেছে। অথচ নিউজিল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক। যদি আপনার বোলিংয়ে সুইং না থাকে, তাহলে আপনাকে বেশ ভোগাবে।’
ওয়াসিম আকরাম
বোলিংয়ে অতটা মনোযোগ নেই আমির, রিয়াজ, গুলদের! ফলে সুইং করাটা ভুলতে বসেছেন তারা। যা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় দুসংবাদ বলে মনে করেন আকরাম, ‘আমি আসলে বুঝতে পারছি না যে সমস্যাটা কী। তবে মনে হচ্ছে, বলে সু্ইং কিংবা সিমিংয়ে বোলারদের মনোযোগ নেই। এটা কিন্তু পাকিস্তান ক্রিকেটের জন্য সুসংবাদ নয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে জয় দিয়েই শুরু করেছিল পাকিস্তান। কিন্তু শেষ দুটি ম্যাচে হেরে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে শহিদ আফ্রিদির দল। যা নিয়ে চিন্তিত পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতারও। তিনি বলেন, ‘দল যেভাবে খেলছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমরা সাধারণত ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে নজর রাখি। কিন্তু বোলাররা উইকেট ভাঙতে পারছে না। টি-২০তে জয় পাওয়ার সহজ রাস্তা হচ্ছে, বার বার উইকেট ভাঙা। সম্প্রতি টি-২০ মেজাজে বোলিং করাটা আমাদের বোলাররা ভুলে গেছে।’
শোয়েব আখতার
এই মুহূর্তে মোহাম্মদ ইরফানের মতো বোলারকে দলের বাইরে রাখায় নির্বাচকদের সমালোচনা করে আখতার বলেন, ‘একটি পরিবর্তনের কথা আমি বলব, ইরফানকে খেলাতে হবে। তাকে কিভাবে বিশ্রামে রাখা হলো, আমি বুঝতে পারছি না।’ আগামী সোমবার থেকে নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

