জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার পণ্যটির দাম লিটারে ১৫ টাকার নিচে নামে। ফলে টানা তিন সপ্তাহ পণ্যটির দাম কমল।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাজারে পণ্যটির দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৪ শতাংশ কমে ২৯ ডলার ৪৬ সেন্ট লেনদেন হয়। আর একই দিন লন্ডনে আন্তর্জাতিক মূল্যসূচকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩১ শতাংশ কমে লেনদেন হয় ২৯ ডলার ৫৭ সেন্ট।
২০১৬ সালের শুরু থেকেই তেলের দামে প্রতন-প্রবণতা রয়েছে। বর্তমানে জ্বালানি তেলের দাম ১২ বছরের সর্বনিম্নে রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান নতুন করে উৎপাদন ও সরবরাহ বাড়ানোয় তেলের বাজারে চাপে পড়েছে।
ব্লমিবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ডিজেলের দাম ২০০৪ সালের পর এখন সর্বনিম্ন। আর পেট্রোলের দাম ২০০৮ সালের পর এখন সবচেয়ে কম।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২৯ ডলার ৪২ সেন্ট বা দুই হাজার ৩৫৬ টাকায় নামে। অর্থাৎ প্রতি লিটারের দাম ১৪ টাকা ৮০ পয়সা। এটি ২০০৩ সালের পর পণ্যটির সর্বনিম্ন দাম।
