২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ খবর

কমেছে সবজির দাম

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে প্রায় সকল ধরণের শাক-সবজির দাম কমতির দিকে। এক সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম কেজিপ্রতি কমেছে দুই থেকে পাঁচ টাকা।

শুক্রবার রাজধানীর খিলগাঁও ও কমলাপুর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বিক্রি হচ্ছে হরেক রকমের সতেজ শাক ও সবজি। এ সব শাক ও সবজির দাম তুলনামূলকভাবে কম। এছাড়া নাগালের মধ্যেই আছে মুদি পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। কমেছে ব্রয়লার মুরগির দাম। তবে এক সপ্তাহের ব্যবধানে স্থির রয়েছে ডিম, মাংস ও ডালের দাম। অন্যদিকে রসুনের দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি নতুন আলু ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বাজারভেদে ৩০ টাকায় বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহে নতুন আলু বিক্রি হয়েছে ৩৩ থেকে ৩৫ টাকায়। তবে চলতি সপ্তাহে পুরনো আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

ফুলকপি-পাতাকপি প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে। শালগম ২৫ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, জাতভেদে প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম ৩০ টাকা ও টমেটো ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। চাল কুমড়া, মুলা, চিচিংগা, শসা, মিষ্টি কুমড়া ও পেঁপে মানভেদে গত সপ্তাহের তুলনায় কয়েক টাকা কমে বিক্রি হচ্ছে । এসব সবজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ৩০ টাকার মধ্যে। ২০ টাকা কেজিতে পেঁপে, ১৮ টাকা কাঁচকলার হালি ও করলা ২৫ টাকা, মুলা ২০ টাকা থেকে ২৫ টাকায়, ঝিঙা ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরণের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামও এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। রাজধানীর বাজারে বাছাই করা দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা ও সাধারণ দেশি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। আর ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে রসুনের দাম কিছুটা বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। প্রতিকেজি চীনা রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এক সপ্তাহ আগে এ ধরনের রসুনের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। এ ছাড়া কেজিপ্রতি দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। তবে তার আগের সপ্তাহে রসুনের দাম কমতির দিকে ছিল। এ সপ্তাহে আবার বাড়ার বিষয়ে বিক্রেতারা কোনো যুঁতসই কারণ বলতে পারেননি।

তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে সব বাজারগুলোতে। ফার্মের মুরগির ডিমের ডজন ১০০ টাকা, হালি ৩৪ টাকা। দেশি মুরগির ডিমের ডজন আকারভেদে ১৪৮ টাকা, হালি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আর শীতে হাসের ডিমের চাহিদা থাকায় একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে তা। আকারভেদে হাসের ডিমের হালি ৪২ থেকে ৪৪ টাকা এবং ডজন ১২৬ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিহালি ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়।

ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আগের সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর