২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন দেশীয় কোম্পানি ইলেক্ট্রনিক পণ্যে নানারকম ছাড় দিচ্ছে। তাদে মধ্যে যেন ছাড়ের প্রতিযোগিতা চলছে। এক কোম্পানি আরেক কোম্পানির থেকে বেশি ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছে।
ছাড়ের কারণে পণ্যের দাম অনেকের হাতের নাগালে আসছে। ফলে বিক্রিও বেশি হচ্ছে বলে জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ক্রেতা আকর্ষণে কেউ ১০ শতাংশ, কেউ ১৫ শতাংশ ছাড় দিচ্ছেন। আবার কেউ একটি পণ্যের সঙ্গে আরেকটি পণ্য উপহার দিচ্ছেন।
ইলেকট্রনিকস পণ্যের মধ্যে এবার বাণিজ্য মেলায় টেলিভিশন ও রেফ্রিজারেটরের চাহিদা বেশি। এছাড়াও ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, টোস্টারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রতিও ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
মেলায় প্রবেশের মূল গেট বরাবর বঙ্গবন্ধু প্যাভিলিয়নের পাশ ঘেঁষে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়নটি চোখে পড়ে। আকর্ষণীয় এ প্যাভিলিয়নটি দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিনন্দন এ প্যাভিলিয়ন ছাড়াও ওয়ালটনের আরো দুটি স্টল (স্টল নম্বর ৩১ এ, ৩১ বি) রয়েছে। যেখানে প্রদর্শণ করা হচ্ছে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য।
মেলা ও নতুন বছর উপলক্ষে ওয়ালটন ব্র্যান্ড বাজারে এনেছে প্রায় অর্ধশতক নতুন মডেলের পণ্য। পাশাপাশি দাম কমানো হয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশনসহ অসংখ্য পণ্যের।
সংশ্লিষ্টরা বলছেন, মেলার মাধ্যমে বছরের শুরুতে ক্রেতাদের হাতে নতুন পণ্য তুলে দিতে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ইনভার্টার প্রযুক্তির বেশ কয়েকটি নোফ্রস্ট রেফ্রিজারেটর, স্যান্ডউইচ মেকার, কেক মেকার, ট্রাভেল ব্লেন্ডার, এলইডি বাল্ব, সুইচ, সকেট, সিলড লিড রিচার্জেবল ব্যাটারি, হোল্ডার, ফ্যান রেগুলেটরসহ নানা ধরনের ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য। এর মধ্যে ৫২৬ লিটারের ৩ দরজা বিশিষ্ট নোফ্রস্ট ফ্রিজ উল্লেখযোগ্য।
তিন তলা বিশিষ্ট প্যাভিলিয়নের নিচতলায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য।
আরো আছে- এলইডি বাল্ব, সুইচ, সকেট, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য।
দ্বিতীয় তলায় প্রদর্শনী ও বিক্রির জন্য আছে ডিপ ফ্রিজসহ ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল সেট। দর্শক-ক্রেতা এবং পণ্য ওঠানামা সহজ করতে প্যাভিলিয়নে সংযুক্ত করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন লিফট।
ওয়ালটন সূত্র জানায়, মেলায় প্রদর্শিত ৪ শতাধিক মডেলের উচ্চমান সম্পন্ন ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো হচ্ছে-৪৪ মডেলের ফ্রিজ, ৩২ মডেলের সিআরটি এবং ২৫টি মডেলের এলইডি টেলিভিশন, ৭ মডেলের এয়ার কন্ডিশনার, ১৮ মডেলের জেনারেটর, ১১ মডেলের রাইস কুকার, ৬ মডেলের আইপিএস, ২৬ মডেলের এলইডি বাল্ব, ৯ মডেলের ইলেকট্রিক সুইচ, ৮ মডেলের ইলেকট্রিক কেটলি, ১১ মডেলের ব্লেন্ডার, ১৩ মডেলের কিচেন কুকওয়্যার, ৫ মডেলের ইন্ডাকশন কুকার, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস স্টোভ, এয়ার কুলার, অটো ভোল্টেজ স্ট্যাবিলাইজার, রিচার্জেবল পোর্টেবল ল্যাম্প, ৪টি করে মডেলের ওয়াশিং মেশিন, ওভেন, সিউয়িং মেশিং, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ৩ মডেলের কেক মেকার ও মাল্টি কারি মেকার, ২ মডেলের ওয়াটার ডিসপেন্সার, রুম হিটার, ইলেকট্রিক ওভেন, জুসার, মাল্টি কুকার, ক্লথ ড্রায়ার, রিচার্জেবল ফ্যান, ওয়েট মেশিন, টোস্টার ও স্যান্ডউইচ মেকার।
আরো আছে- অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর, মপ সেট, ফ্যান রেগুলেটর, হোল্ডার, জাংশন বক্স, প্রাইস কম্পিউটিং ওয়েট স্কেল, এয়ার ফ্রায়ার, ফুড প্রসেসর, রুটি মেকার, স্ট্যান্ড মিক্সার, ভেজিটেবল মেকার ও প্রেসার কুকার।
ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মোহাম্মদ আকরামুজ্জামান অপু বলেন, এবারের মেলায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকর্ষণীয় ডিজাইন ও মডেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় আসা ক্রেতারা যাতে এক জায়গাতেই দরকারি সব ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য পান সেজন্যই সর্বোচ্চ সংখ্যক পণ্য নিয়ে এসেছে ওয়ালটন।
মেলা ও নতুন বছরে ক্রেতাদের বাড়তি কিছু উপহার দিতে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশনসহ অনেক পণ্যের দাম কমানো হয়েছে বলে জানান তিনি।
এবারের মেলায় যমুনা ইলেকট্রনিকস বিভিন্ন এলইডি টেলিভিশনে ছাড় দিচ্ছে। রেফ্রিজারেটর ও ফ্রিজারেও মূল্য ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছে যমুনা ইলেকট্রনিকস। মেলা উপলক্ষে ১৬টি মডেলের রেফ্রিজারেটর এনেছে প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে প্যাভিলিয়ন ইনচার্জ ও সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক আমির হোসেন বলেন, ‘এখন পর্যন্ত বেচাকেনা ভালোই হয়েছে।সামনে বেচাকেনা আরো বাড়বে।
এছাড়া মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, বৈদ্যুতিক পাখার বেচাকেনাও বেশ ভালো বলে জানা গেছে। এসব পণ্যেও ছাড় রয়েছে।
ক্রেতা আকর্ষণের জন্য এলইডি টিভি, রেফ্রিজারেটর, এসিসহ সব পণ্যেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে মাইওয়ান। ১৮ হাজার ৭০০ থেকে ৩০ হাজার ২০০ টাকায় মাইওয়ান ফ্রিজার পাওয়া যাচ্ছে ।
এ ছাড়া মাই ওয়ানের বৈদ্যুতিক পাখা, টেবিল ফ্যান, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার— এসব পণ্যেও ক্রেতাদের বেশ আগ্রহ। এ বিষয়ে প্যাভিলিয়ন ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন, মধ্যবিত্তরা এখন কম দামে টিভি, ফ্রিজ কিনতে চান। তাদের চাহিদার কথা মাথায় রেখেই মাইওয়ান প্রতিষ্ঠিত।
মেলায় ইলেকট্রনিকস পণ্যের আরেক দেশীয় ব্র্যান্ড মিনিস্টার। সব পণ্যেই দিচ্ছে ১০ শতাংশ মূল্যছাড়। প্রতিটি টেলিভিশনের সঙ্গে দুটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়। এ ছাড়া মিনিস্টার ব্র্যান্ডের রয়েছে রাইস কুকার, ব্লেন্ডার, ইস্ত্রির মতো বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য।
মেলায় সাশ্রয়ী মূল্যে এলইডি স্মার্ট টিভি দিচ্ছে ভিশন ইলেকট্রনিকস। মেলা উপলক্ষে সব ধরনের টেলিভিশনেই ক্রেতাদের জন্য ৮ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাণিজ্য মেলায় ভিশনের প্যাভিলিয়ন ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে একমাত্র ভিশন ব্র্যান্ড সবচেয়ে কম দামে এলইডি স্মার্ট টিভি দিচ্ছে। এ ছাড়াও মেলা উপলক্ষে ক্রেতাদের ভিশনের সব ধরণের পণ্যের ওপর ৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে হোম ডেলিভারি ফ্রি। ফলে ভিশনের পণ্যের প্রতি ক্রেতা- দর্শনার্থীদের আগ্রহ বেশি।
