সর্বশেষ খবর

বঙ্গবন্ধু গোল্ড কাপের যুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৯। শ্রীলঙ্কার অবস্থান ১৮৮।

র‌্যাঙ্কিয়ে বাংলাদেশ লঙ্কানদের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তলানিতে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হারের পর মালদ্বীপের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হয় মামুনুলরা।

হারের ধাক্কা সইতে না পেরে কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে অধিনায়কত্ব করার পর আর্মব্যান্ড খুলে রাখার ঘোষণাও দেন মামুনুল। কিন্তু দেশে ফিরে বাফুফে তাদের উপর আস্থা রাখায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন মামুনুল ও মারুফুল।

পুরনো দু:স্মৃতি ভুলে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো করার লক্ষ্য নিয়ে আবারো মাঠে ফেরে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সিনিয়ার ফুটবলার জাহিদ হোসেন এমিলি জানালেন দলের প্রস্তুতি সাফ ফুটবলের থেকেও ভালো। একটি জয় পেলে গোটা দল আবারো চালকের আসনে চলে আসবে বলে বিশ্বাস করেন তিনি।

জাতীয় দলের এই স্ট্রাইকার বলেন, ‘আমাদের প্রস্তুতি আগের থেকে অনেক ভালো। আমরা একটি জয়ের প্রত্যাশা করছি। একটি জয় পেলে আমরা সঠিক পথে চলে আসবো। তখন আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং যেটা করবো ওটাই ঠিক হবে।’

এমিলির পাশে বসা কোচ মারুফুল হকও তার সঙ্গে সুর মিলিয়েছেন, ‘খেলোয়াড়দের মধ্যে ভাল কিছু করার প্রেরণা রয়েছে। উদ্বোধনী ম্যাচে জয় ছাড়া টুর্নামেন্টে দলের অন্য কোনো ফল নিয়ে ভাবছি না।’

বাংলাদেশ দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি বলেন, ‘দলের সবাই প্রথম ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। প্রথম ম্যাচ জিতলেই সাফের ব্যর্থতা কাটিয়ে উঠে খেলোয়াড়দের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হবে।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের অধিনায়ক কাবিন্দু ইশান বলেন, ‘তারা (বাংলাদেশ) ভাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের নিজস্ব মাঠে তারা খেলছে। তবুও আমরা জয়ের জন্যেই মাঠে নামবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর