ক্রিস গেইলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলো। খবর বেরিয়েছে, ২০১৫ বিশ্বকাপের সময় একজন নারী কর্মীর সাথে অশালীন আচরণ করেছিলেন গেইল। নিজের শরীরের নিম্নাংশে পরিধেয় তোয়ালের অনেকটা খুলে ফেলে বাজে মন্তব্য করেছিলেন গেইল। গেইলের ব্যবস্থাপনা দল এই অভিযোগ অস্বীকার করেছে। বিগ ব্যাশে গেইলের দল মেলবোর্ন রেনিগেডসও বলেছে, তৃতীয় পক্ষ এখন সুযোগ নিচ্ছে।
সম্প্রতি বিগ ব্যাশের সময় একজন নারী সাংবাদিককে ডেট করার প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে পড়েন গেইল। লাইভ অনুষ্ঠানে এই ঘটনা ঘটান গেইল। এর জন্য গেইলের ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হয়েছে। ক্ষমাও চাইতে হয়েছে।
এর মধ্যেই অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া জানায়, গত ফেব্রুয়ারিতে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন চলছিল। তখন এক নারী কর্মী ফাঁকা আছে ভেবে ড্রেসিং রুমে ঢুকেছিলেন। সেখানে গেইল ও আরেকজন ক্রিকেটার ছিলেন। গেইল নাকি পরিধেয় তোয়ালে নিচে নামিয়ে বাজে কথা বলেছিলেন। নাম প্রকাশ না করে এক নারী এই অভিযোগ তোলেন।
গেইলের এজেন্ট সাইমন অটেরি বলেছেন, অযথা অভিযোগ আনা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিতে পারেন, এমন হুমকিও দিয়েছেন। অটেরি বলেছেন, “ফেয়ারফ্যাক্স মিডিয়ায় প্রকাশিত অভিযোগ ক্রিস (গেইল) অস্বীকার করছে। মিথ্যে অভিযোগ আনেন যারা তাদের জানা দরকার ক্রিস ও তার ম্যানেজমেন্টের হাতে আইনগত ব্যবস্থা নেয়ার উপায় আছে। এই পর্যায়ে ক্রিস বা তার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর কোনো মন্তব্য আসবে না।” ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার গেইল এখন বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় আছেন।

