উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে ৩০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য চতুর্থ দফায় আরও ৩টি ব্যাংকের সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন অন্তর্ভুক্ত হওয়া ব্যাংকগুলো হলো- যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ঋণ প্রকল্পটির পরিচালক ও ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এবং ব্যাংকগুলোর পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে সই করেন। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ. হালিম চৌধুরী এবং শাহজালাল ব্যাংকের এমডি ফরমান আর. চৌধুরী নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তি সই করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টের (এফএসএসপি) আওতায় একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোকে ৫ থেকে ১০ বছর মেয়াদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেওয়া হবে। এ তহবিলের মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকদের বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ চাহিদা পূরণ করতে পারবে। এতে করে বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া বৈদেশিক ঋণের পরিমাণ কমে আসবে। সেইসঙ্গে বাণিজ্যিক ঋণের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সময় পাবে ব্যাংকগুলো।
গত ১৯ নভেম্বর প্রথম দফায় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও আল-অরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ১ ডিসেম্বর দ্বিতীয় দফায় ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এবং তৃতীয় দফায় ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়। এনিয়ে এই চুক্তির আওতায় আসল মোট ১৯টি বাণিজ্যিক ব্যাংক।
প্রসঙ্গত, তহবিল প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর সুশাসনের দিকেও লক্ষ রাখছে কেন্দ্রীয় ব্যাংক। কেবল একটি নির্দিষ্ট মান অর্জনের পরই ব্যাংকগুলো এ তহবিলে অংশগ্রহণ করতে পারবে। সুদের হার নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং প্রযোজ্য হবে।
ক্যামেলস সূচকের ভিত্তিতে ব্যাংকগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর প্রথম ক্যাটাগরিতে ৫ বছরের জন্য ৩ শতাংশ হারে; ৭ বছরের জন্য ৩ দশমিক ২৫ শতাংশ হারে এবং ১০ বছরের জন্য ৩ দশমিক ৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করে ঋণ দেওয়া হয়েছে।
দ্বিতীয় ক্যাটাগরির ব্যাংকগুলোকে ৫ বছরের জন্য ৩ দশমিক ২৫ শতাংশ হারে; ৭ বছরের জন্য ৩ দশমিক ৫ শতাংশ হারে এবং ১০ বছরের জন্য ৩ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে। তৃতীয় ক্যাটাগরির ব্যাংকের ক্ষেত্রে এই সুদহার হবে ৫ বছরের ঋণের জন্য ৩ দশমিক ৫ শতাংশ; ৭ বছরের জন্য ৩ দশমিক ৭৫ শতাংশ এবং ১০ বছরের জন্য ৪ শতাংশ। অর্থাৎ ক্যামেলস রেটিংয়ের প্রতি ধাপের জন্য ২৫ শতাংশ হারে স্প্রেড কমবে।
