প্রবাসীদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন নিশ্চিত করার দাবি জানিয়েছে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতালবাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। তিনি প্রবাসীদের নাগরিক অধিকার আদায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তার প্রস্তাবনার মধ্যে রয়েছে, দেড় কোটি প্রবাসীর জন্য সংসদে অন্তত ৩৭-৩৮টি সংরক্ষিত আসন বরাদ্দ, অনলাইন বা দূতাবাসের মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ‘প্রবাসী স্মার্ট কার্ড’ চালু করে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান।
তাইফুর রহমান ছোটন বলেন, ২০০৩ সালে ইতালির শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হলেও দীর্ঘদিনের কূটনৈতিক নিষ্ক্রিয়তা ও দুর্বল নজরদারির কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি। বর্তমানে ইউরোপজুড়ে প্রায় ১ কোটি দক্ষ শ্রমিকের চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের প্রবেশ সীমিত রয়ে গেছে।
তিনি আরও যোগ করেন যে, অবৈধভাবে ইউরোপে প্রবেশ, এক দেশের ভিসা ব্যবহার করে অন্য দেশে অবস্থান এবং আইন লঙ্ঘনের মতো ঘটনা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে। অনেক ক্ষেত্রে এগুলো আন্তর্জাতিকভাবে নিরাপত্তা ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে।
সেমিনারে একটি ‘মাস্টার প্ল্যান’ উপস্থাপন করা হয়, যেখানে আগামী পাঁচ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ৩০০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ একটি প্রস্তাবনা হিসেবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ‘ইউরোপীয় উইং’ গঠনের দাবি জানানো হয়েছে। এই উইং ইউরোপীয় ইউনিয়ন ও বলকান অঞ্চলের দেশগুলোর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন এবং সরকারি চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য বিশেষ কোটা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন মহিউদ্দিন আহমেদ ঝিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, উপ-পরিচালক (আইসিটি, পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ আলী মর্তুজা এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)-এর চেয়ারম্যান জয়নাল আবেদীন জয়।

