প্রায় ২ বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে আসন্ন বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন এ উরুগুইয়ান তারকা।
উরুগুয়ের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডায়ারিও ওভেশনকে দেয়া সাক্ষাৎকারে সুয়ারেজ জানিয়েছেন, অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। সে সময় তার মনে হয়েছিল, তিনি দীর্ঘসময় স্কোয়াডে থাকার উপযুক্ত নন। তবে বর্তমানে নিজের অবস্থা বিচার করে জাতীয় দল ডাকলে খেলতে প্রস্তুত বলে জানান এ ফরোয়ার্ড।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন।
বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন এ ফুটবলার। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর।
