সর্বশেষ খবর

‘বিচারপতি মানিক আদালত প্রাঙ্গণকে কলুষিত করেছেন’

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উচ্চ আদালতকে ‘আওয়ামী শাসকগোষ্ঠীর কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্র’ বানাতে চেয়েছিলেন দাবি করে বিএনপি বলছে, ‘তিনিই (মানিক) প্রথম আদালত প্রাঙ্গণকে কলুষিত করেছেন।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘প্রধান বিচারপতি এস কে সিনহা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখপাত্র হয়ে কথা বলছেন’-শামসুদ্দিন চৌধুরীর এই ধরনের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনি কার মুখপাত্র ছিলেন, তা দেশবাসী জানে।’

সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেটে দাঁড়িয়ে শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না, এই কথা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা বলেছেন। ওনার রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘শামসুদ্দিন চৌধুরীই প্রথম উচ্চ আদালত প্রাঙ্গণ কলুষিত করেছেন। নানাবিধ অপকর্ম এবং দেশের গুণী মানুষকে জোর করে তার বিচারিক ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করেছেন।’

তিনি বলেন, ‘আজকে যখন প্রধান বিচারপতি সত্য কথা বলেছেন, আইনের শাসনের কথা বলছেন, ন্যায্য কথা বলছেন, সংবিধানের পক্ষে কথা বলছেন, তখন তাদের সহ্য হচ্ছে না। খায়রুল হক ও মানিকদের অপকর্মের কাজগুলো জাতি জানে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘এই দেশে ব্রিটিশ আমল থেকে উচ্চতর আদালত এত অশ্রদ্ধেয় ও বিতর্ক হয়নি। যে বিতর্ক করেছেন এই শামসুদ্দিন মানিক আর খায়রুল হক। মানিকের কথা শুনলে মনে হবে কোনো কসাই কথা বলছে। যা একজন বোধ-বুদ্ধি-বিচারসম্পন্ন মানুষের কথা নয়। সে জন্য বিভিন্ন জায়গায় তিনি মানুষের রোষানলে পড়ছেন। তাই আজ তার অপকর্মে যখন ঘা লাগছে, নোংরা কর্মকাণ্ড উদ্ভাসিত হচ্ছে; তখন তা সহ্য করতে পারছে না।’

বাংলাদেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচারের পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে আসছে উল্লেখ করে রিজভী বলেন, ‘সরকার সকল প্রতিষ্ঠানকে নিজেদের চেতনায় গড়ে তোলার প্রচেষ্টার জন্য মাহমুদুর রহমানকে কারাগারে আটক থাকতে হচ্ছে। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী একটি দল, তবে সেই ইতিহাসে সভ্যতার যুগ বলে কিছু নেই। অতীতে তারা বর্বর যুগ সৃষ্টি করেছিল, এখন তারা অধঃপতনের যুগ সৃষ্টি করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল মান্নানসহ সকল রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর