রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ছাত্রদলের পদবঞ্চিতদের সমর্থক কয়েক শতাধিক কর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় আচমকা কার্যালয়ের সামনের ব্যানার-ফেস্টুন, ভাঙচুর শুরু করে। একপর্যায়ে কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেল ও ভ্যান গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করে তারা। এসময় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালিয়ে নয়াপল্টন ত্যাগ করে তারা।
উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি রাতে ছাত্রদলের ১৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করে ৭৩৬ সদস্য করেন সংগঠনটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। প্রত্যাশিত পদ না পেয়েই সংগঠনটির নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

