সর্বশেষ খবর

রকেট উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

সমস্ত হুমকি-ধমকি আর সতর্কবার্তাকে উড়িয়ে দিয়ে রোববার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয়; তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করেছে।

গত মাসে উত্তর কোরিয়া জাতিসংঘকে জানিয়েছিল, তারা ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতে রকেট উৎক্ষেপণ করবে। তবে গতকালই দেশটির পক্ষ থেকে এ তারিখ পরিবর্তন করে উৎক্ষেপণের সময় ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি বলে জানানো হয়। উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের পদক্ষেপের বিষয়ে এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। জাপান জানিয়েছিল, উত্তর কোরিয়া কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেই সেটি ধ্বংস করবে সেনাবাহিনী। তবে রোববার রকেটটি উৎক্ষেপণের পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

পিয়ংইয়ং জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া অতিক্রম করেছে।

এদিকে রকেট উৎক্ষেপণের এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ তিনটি রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ‘জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন’ বলে দাবি করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর