ম্যাক্সিকোতে একটি অনুষ্ঠানে পারফরমেন্স করতে গেলেন পপ তারকা ম্যাডোনা। সেখানে মঞ্চে তার জীবনের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো স্মরণ করে কেঁদেও ফেললেন। রীতিমতো ভেঙে পড়লেন এই ৫৭ বছর বয়সী তারকা।
আবেগাপ্লুত কণ্ঠে ম্যাডোনা বলেন, আমরা সবাই জীবনের নানা চ্যালেঞ্জিং সময় পার করি। এর মধ্যে আমিও আছি। জীবনে বহু কঠিন সময় এসেছে। মাঝে মধ্যে আমার মনে হয়, আর শো করতে পারবো না। আমার সেই এনার্জি নেই। আমার সেই শক্তি নেই।
চোখের জল ফেলে তিনি আরও বলেন, আজ রাতে আমি এখানে এসেছি। আপনাদের দেখতে পারছি। আপনাদের চোখে চোখ রাখতে পারছি। আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং আপনারা আমাদের অনেক শক্তি দিচ্ছেন।
সম্প্রতি ম্যাডোনা তার সাবেক স্বামী গাই রিচির সঙ্গে আইনি জটিলতায় সময় পার করছেন। তিনি মিডিয়ার দ্বারা দারুণভাবে প্রচারিত ‘কাস্টডি ব্যাটেল’-এর মধ্যে রয়েছেন। তার ১৫ বছর বয়সী ছেলে রোকোকে নিয়ে এ জটিলতা।
এক প্রতিবেদনে বলা হয়, রোকো তার মা ম্যাডোনার সঙ্গেই থাকতেন। কিন্তু পরে লন্ডনে তার বাবার সঙ্গে থাকতে চান। গত মাসে ম্যানহাটান সুপ্রিম কোর্ট রোকোকে নিউ ইয়র্কে ফেরত যাওয়ার নির্দেশ দেন।
ম্যাডোনা ট্যুরে বেরিয়েছেন। গোটা জানুয়ারিজুড়ে চলবে তার পারফরমেন্স। আইনি জটিলতা ছাড়াও ম্যাডোনা ক্রমাগত ছেলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে চলেছেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।
সূত্র : ফক্স নিউজ।

