সর্বশেষ খবর

আজ মুক্তি পাচ্ছে ‘ভুল যদি হয়’

আজ শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ভুল যদি হয়’। ২০১৫ সালের ১১ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চাষী নজরুল ইসলাম। গুণী এ নির্মাতার প্রয়াণ দিবসকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

জীবনের শেষ ভাগে এসে দুটি সিনেমা নির্মাণের কাজ শুরু করেছিলেন গুণী এ নির্মাতা। এর মধ্যে গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল ‘অন্তরঙ্গ’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আলিশা ও ইমন।

এবার মুক্তি পেতে যাচ্ছে ‘ভুল যদি হয়’। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমন, সম্রাট, আলিশা ও নবাগত দোলা। এই সিনেমাটির শুটিং চলাকালীন চাষী নজরুল ইসলাম মারা যান। পরে সিনেমাটির কাজ শেষ করেন তারই সহকারী তারেক শিকদার।

সারাদেশের ৬০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভুল যদি হয়’। এ ছাড়া আগামী ঈদুল ফিতরে এটিএন বাংলায় সিনেমাটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমাটি নিয়ে বেশ স্মতিকাতর হয়ে পড়েন নায়িকা আলিশা প্রধান।

তিনি বলেন, ‘বাংলাদেশে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি তিনি কতো বড় মনের মানুষ। তাকে ছাড়াই সিনেমা মুক্তি পাচ্ছে এটা খুবই কষ্টের। মানুষটিকে খুবই মিস করি।’

আলিশা আরও বলেন, ‘কাজের মাঝে চাষী নজরুল ইসলাম এতটাই বন্ধুসুলভ আচরণ করতেন যে মনে হতো তিনি আমার প্রিয় বন্ধুর একজন। মানুষটাকে সব সময় মিস করব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর