ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার উর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে ৬শ কোটির ঘরে লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার শেয়ার। আজ গতকালের তুলনায় দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৩ ডিসেম্বর ডিএসইতে ৬শ ঘরে অর্থাৎ ৬০৪ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৮ কোটি টাকার। যা গতকালের তুলনায় ১৬৮ কোটি ৫৮ লাখ টাকা বা ৩৮ শতাংশ বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
সিএসই সার্বিক সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

