সর্বশেষ খবর

বাণিজ্য মেলায় মূল্য তালিকা দেখে পণ্য কেনার আহ্বান

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভোক্তারা যাতে কোনো পণ্য বা খাবার কিনে প্রতারিত না হন সে জন্য সচেতনতার সঙ্গে মূল্য তালিকা দেখে যে কোনো পণ্য বা খাবার কেনার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বাণিজ্য মেলার চতুর্থ দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অস্থায়ী কার্যালয়ে গেলে সংস্থাটির সহকারি পরিচালক মির্জা মো. হাসান বলেন, ‘মেলায় ভোক্তাদের অধিকার নিশ্চিত করতেই আমাদের এ কার্যালয়। মেলায় আগত মানুষ যাতে কোনো পণ্য বা খাবার কিনে প্রতারিত না হন, সে জন্য সবসময় আমরা আছি।

মেলায় নিজেদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন আগত ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমরা সকাল থেকে মেলা বন্ধ হওয়া পর্যন্ত অবস্থান করবো। ভোক্তাদের যে কোনো অভিযোগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসান বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দেবে অথবা জরিমানা করা হবে। এ কার্যক্রম সফল করতে এরই মধ্যে মেলায় যেসব রেস্তোরাঁ রয়েছে তাদের সবাইকে পণ্যের বিক্রিয়মূল্যসহ তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, উভয়পক্ষ আমাদের সহায়তা করবে।

প্রসঙ্গত, শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে শুরু হওয়া মাসব্যাপী এই মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

এ বছর বাণিজ্যমেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।

এবার মেলায় বিশ্বের ২২টি দেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে মরিশাস, ঘানা, নেপালসহ সাতটি নতুন দেশ অংশ নিচ্ছে। এছাড়া বিগত বছরে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে থাকছে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও আরব আমিরাত।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাটজাত পণ্য, লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ঘড়ি, জুয়েলারি, সিরামিক, টেবিলওয়্যার, দেশীয় বস্ত্র, ক্যাবল, মেলামাইন, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্প অন্যতম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর