ছোট পর্দার রোমান্টিক হিরো অপূর্ব। অভিনয় করছেন নিয়মিত। এখন সপরিবারে রয়েছেন আমেরিকাতে। ফিরবেন এ মাসের শেষের দিকে। অন্যদিকে, লাক্স তারকা নিশা। অভিনয়ে এখন তিনি নিয়মিত।
সম্প্রতি, অপূর্বের সাথে তিনি প্রথমবারের মত অভিনয় করেছেন ৫২ পর্বের একটি ধারাবাহিক নাটকে। কামরুল আহসানের রচনা ও জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় নাটকটির নাম ‘অর্ন্তজাল’।
আগামী ১৬ জানুয়ারি থেকে আরও ১০টি টেলিফিল্ম করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নিশা।
নাটক বিষয়ের নিশা বলেন, ‘আমার চরিত্রের নাম আফরিন। অনেক বড় লোকের মেয়ে আমি। আমার বাবার সাথে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকেই আমি মায়ের অভাব আর বাবার অতিরিক্ত আদর পেয়ে একটু উশৃঙ্খল হয়ে যাই। যখন তখন যা খুশি তাই করে বেড়াই। বাবা কিছু বললেই আমি ভয় দেখাই মার কাছে চলে যাবে।’
দর্শক গল্পে আরও দেখবেন আফরিনের মা যুক্তরাষ্ট্রে থাকে। আফরিন নতুন ড্রাইভিং শিখেছে। কিছুদিন আগেই একটা এক্সিডেন্ট করেছে বলে বাবা তাকে গাড়ি চালাতে বারণ করেন। কিন্তু বাবার নিষেধ অমান্য করে একদিন আফরিন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় সাইকেল চালক তমালের সাথে ধাক্কা লাগে আফরিনের গাড়ির। তমাল সাইকেল নিয়ে পড়ে যায়। গল্প মোড় নেয় নতুন দিকে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন, বাঁধন, শ্যামল মাওলা, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, শামীমা নাজনীন, অবিদ রেহান, শেলী আহসান প্রমূখ।
শুভ টেলিফিল্মের প্রযোজনায় নাটকটি মাছরাঙ্গায় সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় প্রচার শুরু হয়েছে।

