ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ এর উদ্যোগে রোববার মুন্সীগঞ্জ সদর উপজেলার হাজী সুবেদ আলী সওদাগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক মায়ের উপস্থিতিতে এক মা সমাবেশের আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক সদস্য জনাব মো: জাইদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে উপস্থিত মা এবং অভিভাবকগণ তাদের বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক এবং টিআইবি’র গৃহিত এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের পাশাপাশি এ ধরণের সচেতনতাবৃদ্ধিমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
প্রধান অতিথি উপস্থিত অভিভাবক, শিক্ষক ও এসএমসি কর্তৃক উত্থাপিত বিভিন্ন দাবীর পরিপ্রেক্ষিতে স্কুলের অবকাঠামোগত অসুবিধা দূরীকরণে যথাসাধ্য চেষ্টাসহ শিক্ষার জন্য সহায়ক সব ধরণের সুবিধা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। তিনি সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ এবং অভিভাবকগণকে এ ব্যাপারে এগিয়ে আসারও অনুরোধ করেন। তিনি সভায় শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকারের ইতিবাচক উদ্যোগসমূহ অবহিত করার পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় সনাক তথা টিআইবি’র ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা জামিলা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সনাক ও স্বজন সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের ১৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

