সর্বশেষ খবর

‘সফটওয়্যার রপ্তানিতে তিন বছরে ৩০০ কোটি ডলার আয় হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সফটওয়্যার রপ্তানিতে আগামি তিন বছরে প্রায় ৩০০ কোটি ডলার আয় করা সম্ভব হবে।

রোববার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণাধীন ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ‘স্কিল ডেভেলপমেন্ট’ কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৫শ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রকল্প এখন বাস্তবে পরিণত হতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।

জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। সে লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে হাইটেক পার্ক প্রকল্প হাতে নেয়া হয়েছে। সে হিসেবে যশোর হাইটেক সফটওয়্যার টেকনোলজি পার্ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ-তরুণীর স্বপ্ন পূরণের স্থান হবে। এ সফটওয়্যার পার্কে ১০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

তিনি বলেন, চলতি বছরেই যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক চালুর পর মডেল হিসেবে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর প্রকল্পের পরিচালক এ এন এম সফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর