নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “আলুর বহুমুখী ব্যবহার ও সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮মে) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মো. কামরুজ্জামান রতন।
সমাবেশের উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬ এর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের তৈরি পণ্য ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্যের প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা আলুভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহ ও প্রেরণা জোগানো হয়, যা ভবিষ্যতে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

