সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
জরুরি বৈঠক শেষে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে একর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। রাজধানীর শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে ও ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমাণ করেছে।
তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করবো। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আরও উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।
এর আগে সকাল ১০টা থেকে আল ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা করে ১১ দলের শীর্ষ নেতারা।
