মুন্সিগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০)। সে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে, চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৬) ও মালিপাথর গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে তন্ময় (২৫)। এরমধ্যে শ্রমিক লীগ নেতা সীমান্তের বিরুদ্ধে হত্যাচেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ীতে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে সীমান্ত, সাকিব ও তন্ময়কে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও টর্চ লাইটসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

