সর্বশেষ খবর

শ্রীনগরে জমজ দুই শিশুকে পুকুরে ফেলে হত্যা, দায় চাপাচ্ছেন একে অপরের ওপর

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী জমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা ও মা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই পরিবারের জমজ কন্যাশিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পারিবারিক কলহ চলছিল। এর মধ্যেই শিশুদের কেউ একজন পুকুরে ফেলে দেয় বলে আশপাশের লোকজন সন্দেহ করছেন। পরে প্রতিবেশীরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের বাবা মো. সোহাগ (২৮) অভিযোগ করেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে শান্তা নিজেই হয়তো শিশুদের হত্যা করতে পারেন। অন্যদিকে মা শান্তা (২৪) বলেন, পারিবারিক ঝগড়ার সময় স্বামী সোহাগই শিশুদের পুকুরে ফেলে দিয়েছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর বলেন, “দুটি শিশুকে আমাদের কাছে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাদের আগেই মৃত্যু হয়েছে। ধারণা করছি, তারা পানিতে পড়ে শ্বাসরোধে মারা গেছে।”

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকাবাসী বলছে, পারিবারিক কলহের জেরে মা বা বাবা কেউ একজন শিশু দুটিকে হত্যা করতে পারে। শিশুদের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাকেও আটক করতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর