মোহাম্মদ জসিম উদ্দিন: মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫নং বড় ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম বন্ধ করে মিড ডে মিলের নামে রাজনৈতিক আলোচনা সভা আয়োজনের অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে। এজন্য ২য় ক্লাসের পর বন্ধ করা হয় বিদ্যালয়টির ক্লাস কার্যক্রম আর তীব্র গরমে দীর্ঘক্ষণ বসে থেকে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন কোমলমতি শিক্ষার্থী। এ ঘটনার নিন্দা জানিয়েছে অভিভাবকরা।
জানা যায়, ১৫নং বড় ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয়টির পরিচালনা কমিটি। আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ০৩ আসনের সাবেক সংসদ সদস্য এম ইদ্রিস আলী । দাওয়াত করা হয় উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের। সকাল ১১ টায় বিদ্যালয়টি ২য় ক্লাস শেষ করার পর শুরু হওয়া এই আলোচনা সভা নেতা-কর্মীদের বক্তব্যের পর দুপুর তিনটায় শেষ হয়। তারপর শিক্ষার্থীদের খাবার খাওয়ানো পর
বিদ্যালয় আজকের মত ছুটি ঘোষণা করা হয়। আজ তীব্র গরম থাকায় গরমে দীর্ঘক্ষণ বসে থেকে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী।
মিড ডে মিলের নামে আলোচনা সভা আয়োজন করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্যরা কোন জবাব দিতে পারেনি।
এদিকে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে মিড ডে মিলের নামে রাজনৈতিক অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী । রাজনৈতিক অনুষ্ঠান পালনে রাজনৈতিক নেতাদের আরো সতর্ক হবার পরামর্শ দিয়েছেন তারা।

