দেশের বর্তমান রাজনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ‘গণতান্ত্রিক আন্দোলন’কে এগিয়ে নিতে ২০ দলীয় জোটের শরিক দলগুলোকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সাংগঠনিকভাবে শক্তিশালী হতে বিএনপির ষষ্ঠ কাউন্সিলের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি জোট নেতাদেরও নিজেদের দলের এই বিষয়টির ওপর নজর দেওয়ার কথা বলেছেন।
বৃহস্পতিবার রাতে জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রিটিক পার্টি-এনডিপির একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে গেলে বিএনপির নেত্রী এই পরামর্শ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ১০টায় এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে জোটকে শক্তিশালীকরণ, দলগুলোর সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সার্বিক বিষয় বৈঠকে স্থান পেয়েছে।
“বিএনপি চেয়ারপারসন শরিক দলগুলোকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে হলে দলগুলোর সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন। শুধু এনডিপিই নয়, জোটের সব দলকে এই বিষয়ে মনোযোগী হওয়া উচিত। বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে কাউন্সিল করছে। জোটের অন্য দলগুলোকেও এই পন্থা অনুসরণ করতে হবে”, বলেন তিনি।
এছাড়াও বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের প্রভাব বিস্তারের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান গোলাম মোর্ত্তজা।
জোটের এই শীর্ষ নেতা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন, ভয়-ভীতি, নমিনেশনপত্র কেড়ে নেওয়া, জমা দিতে না দেওয়া, প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে সুষ্ঠু হওয়া সম্ভব?
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনডিপি প্রার্থী দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) বলেছি, দ্বিতীয় দফায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে এনডিপির কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সুপারিশ রয়েছে। বিএনপি নেত্রী বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’
এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বে ২০ সদস্যের ওই প্রতিনিধি দলে দলটির নেতা অ্যাডভোকেট রবিউল ইসলাম সাগর, ক্বারী আবু তাহের, মঞ্জুর হোসেন ঈসা, আমিরুল ইসলাম টুকু, জামিল আহমেদ, সুলতানা কবির, দেওয়ান দিলরুবা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. এম ওসমান ফারুক, কুলনা বিভাগী সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।

