রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে আমজাদ (২৪) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। এঘটনায় দগ্ধ হয়েছে আরও ৩ জন।
আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)।
আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ২ টার দিকে কাঁচাবারের নার্গিসের ভাঙারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দোকানের এক কর্মচারী আল আমিন জানান, যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা সবাই নার্গিসের দোকানের কর্মচারী। আমিও ওই দোকানে কাজ করি। আমি আজ দোকানের মালিক নার্গিসের বাসায় ছিলাম। আগুনের খবর পাওয়া মাত্র দোকানে আসি। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। বাকী তিনজনের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

