ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগ দলকে সুসংগঠিত ও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এক্ষেত্রে দলের সভাপতির ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে নিজেদের গোষ্ঠীপ্রীতিকে বেশি প্রাধান্য দিয়েছেন বলে তৃণমূলের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। এমনকি দলের প্রভাবশালী এমপির আশীর্বাদপুষ্ট লোকেরাই অনেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাঁয়তারা করছেন। এটাকে কেন্দ্র করে তৃণমূলেও ‘মনোনয়ন বাণিজ্য’ শুরু হয়েছে।
কিন্তু এরইমধ্যে ৭০২ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাকি ৩৭ ইউপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবে দলটি।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রার্থিতা চূড়ান্তের কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, গত বুধবার রাতে ৫৫৮টি ও গত বৃহস্পতিবার রাতে ১৪৪টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের একক প্রার্থী বাছাইয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে জটিলতা সৃষ্টি হয়েছে।
দলটির সূত্র জানায়, দলীয় প্রার্থী বাছাইয়ের নামে দাগি আসামি, পুলিশ সোর্স, পুলিশের দালাল, ’৭১-এর রাজাকারের আত্মীয় সুযোগ পেয়েছে। দলের উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সক্রিয় নেতার সংখ্যা বেশি হওয়ায় সুবিধাভোগীরা সুযোগ নিচ্ছে। এতে দলে খুনোখুনি-মারামারি হবে। দেশের সিংহভাগ ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে দলটিতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টায় গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। সেই মঙ্গল-বুধ দুই রাত বৈঠকের পর ইউনিয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি। আর তাতে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হন। এরপর থেকে বৈঠক হচ্ছে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে।
দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র শুক্রবার সকাল থেকে বিতরণ শুরু করেছে দলটি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আজ শনিবার সকালের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শেষ করা হবে বলে জানা গেছে।
ইউপি নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া শুরু হবে ২২ মার্চ। ওই দিন ৭৩৯টি ইউপিতে এ নির্বাচন হবে। এবারই প্রথম পৌরসভার পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে এ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন হবে ছয় ধাপে।
প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে গণতন্ত্রের ভিত্তিই কেবল মজবুত হবে না, বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। কেন্দ্র থেকে তৃণমূল অনেক শক্তিশালী, সেটি প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন ব্যাবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে।
জানা গেছে, শুরু থেকেই সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন সিনিয়র ও জুনিয়র নেতার আচরণে উষ্মা প্রকাশ করে আসছেন। তারা দলকে সুসংগঠিত ও সুসংহত করা এবং দলের সভাপতির ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে নিজেদের গোষ্ঠীপ্রীতিকে বেশি প্রাধান্য দিয়েছেন।
আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯ ইউপিতে ভোট হবে। আগ্রহীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে। পরে আরও পাঁচ ধাপে সাড়ে তিন হাজার ইউপির ভোট হবে।
জানা গেছে, এমপির আশীর্বাদপুষ্ট লোকেরাই অনেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাঁয়তারা করছেন। এটাকে কেন্দ্র করে তৃণমূলেও ‘মনোনয়ন বাণিজ্য’ শুরু হয়েছে।
গত কয়েকদিনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও কয়েকজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, তৃণমূলে দলের একশ্রেণির এমপি আধিপত্য ও ‘মাস্তানি’ বজায় রাখার উদ্দেশে চমৎকার ব্যক্তিদের বদলে ‘খারাপ’ মানুষদের ইউপি নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন। সেখানে এমপিরা ‘পকেটে’র ব্যক্তিদের সংগঠনে ঢুকিয়েছিলেন। তাদের আবার এমপির পিএস, এপিএস বানিয়েছেন এমপিরাই।

