বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান জানিয়েছেন, পুঁজিবাজারের উন্নয়নে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যৌথভাবে কাজ করবে।
টানা ৮ দিন দরপতনের পর বাজারের করণীয় নির্ধারণে আইসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। সোমবার অনুষ্ঠিত এ বৈঠক শেষে এসব কাথা জানান তিনি।
ছায়েদুর রহমান জানান, সভায় বাজার পরিস্থিতি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের দেশের বাজারে নেতিবাচক কোনো বিষয় নেই বলে মনে করছেন উভয়পক্ষ।
তিনি বলেন, আমানতের বিপরীতে ব্যাংকের সুদের হার কমানো হয়েছে। ফলে বিনিয়োগের বিকল্প খুঁজছে সবাই। এতে পুঁজিবাজারে বিনিয়োগ পাশাপাশি আগামী দিনে এর সুবাতাস আসতে পারে।
তিনি আরও বলেন, আইসিবির নেতৃত্বে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুব শিগগিরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈঠকে বসবে। সেখানে বাজারের প্রতিবন্ধকতাগুলো দূর করে বাজারকে আরও গতিশীল করতে কীভাবে উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ ২০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। এ সময় সবাই পুঁজিবাজার উন্নয়নে আইসিবির নেতৃত্বে কাজ করার প্রতিশ্রুতি দেন।
