সর্বশেষ খবর

ভয়াবহ তুষার ঝড় : যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে ১০

ভয়াবহ তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের ডজনেরও বেশি অঙ্গরাজ্যে জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। পুর্ব উপকূলের এসব রাজ্যে বিপর্যয়ের মুখে পড়েছে সাড়ে আট কোটি বাসিন্দা, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। শীতকালীন এ ঝড়ের গতিবেগ এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ কিলোমিটার থাকলেও তুষারপাতের মাত্রা অস্বাভাবিক।

ওয়াশিংটনসহ উপকূলবর্তী একাধিক রাজ্যে ঘণ্টায় দুই ফুটের বেশি বরফের আস্তরণে ঢাকা পড়ছে সড়ক, মহাসড়ক। এতে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এক হাজারেও বেশি সড়ক দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। বরফের আস্তরণ, ঝড়ের গতিবেগ আরো বেশি হতে পারে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বলেছে, শুক্রবার থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ এ আবহাওয়া আরো তীব্র হতে পারে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ে অন্তত ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঝড় ও অস্বাভাবিক তুষারপাতে ওয়াশিংটন, নিউইয়র্ক, তেনেসি, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, চার্লস্টোন, পেনসিলভানিয়াসহ ১০ রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব রাজ্যে অধিবাসীদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঝড়ের প্রকোপে দু’দিনে বিভিন্ন রাজ্যে ৬ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরে আটকা পড়েছে হাজারো যাত্রী। ওয়াশিংটনসহ একাধিক রাজ্যে সাবওয়েসহ সব গণপরিবহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নির্ধারিত কর্মসূচি বাতিল করে হোয়াইট হাউজে অবস্থান করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে শুক্রবার থেকে আক্রান্ত সব রাজ্যে শপিংমল, খাবারের দোকান, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এছাড়া শুক্রবার বিকেলের মধ্যেই সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের পরিচালক লুইস জানিয়েছেন, তীব্র ঝড়ো হাওয়া, তুষারপাতের সঙ্গী হতে পারে আভ্যন্তরীণ বন্যা।

তিনি আরো জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ঝড় স্যান্ডির মত না হলেও অর্থনৈতিক বিবেচনায় অনেক বড় ক্ষতির উদাহরণ হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর