সর্বশেষ খবর

বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলায় নিহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলা চালানো হয়। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।

স্প্লেনডিড নামের যে চার তারকা হোটেলটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে, তাতে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা অবস্থান করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৭টায় হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপরই তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে। হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে।

ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে। জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী একটি গ্রুপ জানিয়েছে, আল-কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা এ হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত নভেম্বরে মালির রাজধানী বামাকোর র‌্যাডিসন ব্লু হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৭০ জনকে জিম্মি করে ফেলে। ওই ঘটনায় মালির নিরাপত্তা বাহিনী ও জাতিসংঘের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে দুই হামলাকারী নিহত হয়। হামলাকারীরা ১৯ জন বেসামরিক লোককে হত্যা করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর